ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো শুরু ৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৩, ২০২৬, ১১:৩২ এএম অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো শুরু ৫ নভেম্বর

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারত্বের তিন দশক উদযাপন উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে থাকছে ৪৩টি প্রদর্শক প্রতিষ্ঠান, ৬৩টি বুথ, ছয়টি বিষয়ভিত্তিক সেমিনার ও আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিনিধিদলের অংশগ্রহণ।

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় আগামী ৫ থেকে ৭ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬। বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) এ আয়োজনের ঘোষণা দিয়েছে।

এ বছর অ্যামচ্যাম প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদযাপন করছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে তিন দশকের অগ্রযাত্রার প্রতিফলন ঘটবে এবারের আয়োজনে। প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য, সেবা, প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি দুই দেশের ব্যবসায়িক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি হবে।

প্রদর্শনীতে বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক খাতের ৩৬টি প্রতিষ্ঠান এবং সাতটি স্টার্টআপসহ মোট ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেবে। তাদের জন্য বরাদ্দ থাকবে ৬৩টি বুথ।

প্রথমবারের মতো এবারের প্রদর্শনীতে খাতভিত্তিক পৃথক জোন রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, এফএমসিজি, উৎপাদন ও লজিস্টিকস, শিক্ষা ও উন্নয়ন এবং কৃষিভিত্তিক ব্যবসাসহ অন্যান্য খাত। পাশাপাশি নতুন উদ্যোগ ও উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণা তুলে ধরতে থাকছে বিশেষ স্টার্টআপ জোন।

দর্শনার্থীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এবারের ট্রেড শোতে যুক্ত হচ্ছে কার্নিভাল জোন ও হেরিটেজ কর্নার। কার্নিভাল জোনে দর্শনার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সরাসরি পণ্য কেনার সুযোগ পাবেন। অন্যদিকে, হেরিটেজ কর্নারে ইউএস ট্রেড শোর দীর্ঘ পথচলা, বিবর্তন এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এর অবদান তুলে ধরা হবে।

এবারের আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হলো তিন দিন মেয়াদি অনলাইন ভিজিটর পাস। এর মাধ্যমে দর্শনার্থীরা অনলাইনে নিবন্ধন করে একটি পাসের সাহায্যে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুরো প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের অংশগ্রহণ সহজ ও সুবিধাজনক করাই এ উদ্যোগের লক্ষ্য।

প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হবে ছয়টি বিষয়ভিত্তিক সেমিনার। এসব সেমিনারে নীতিনির্ধারক, শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার এবং উদীয়মান সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, আইসিটি ও ডিজিটাল অর্থনীতি, নারী নেতৃত্ব, সিলেক্ট ইউএসএ-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের পরিবর্তনশীল গতিপ্রকৃতি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন আমেরিকান চেম্বার অব কমার্সের ব্যবসায়িক প্রতিনিধিদলও এবারের ট্রেড শোতে অংশ নেবেন। বাংলাদেশ সফরকালে তাঁরা বিনিয়োগের সম্ভাবনা যাচাই, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় এবং বাণিজ্যিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে দেখবেন। তাঁদের অংশগ্রহণের ফলে নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

তিন দিনে ১০ হাজার থেকে ১৫ হাজার দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছে আয়োজকরা। তাঁদের মতে, এ আয়োজন ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তি বিনিময়, বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

আগামী ৫ থেকে ৭ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬। প্রদর্শনীতে সহজে প্রবেশের জন্য দর্শনার্থীদের অনলাইনে নিবন্ধন করে তিন দিন মেয়াদি পাস সংগ্রহের জন্য উৎসাহিত করা হচ্ছে।

অ্যামচ্যামের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ বিশেষ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হচ্ছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন এবং পারস্পরিক সুবিধাভিত্তিক ব্যবসায়িক অংশীদারত্বের নতুন সম্ভাবনা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

Link copied!