ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
দু’দেশের অর্থমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নের ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ৩০, ২০২৬, ০৮:০৪ পিএম বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নের ওপর গুরুত্বারোপ

জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বিকল্প অর্থায়নে দেশটির সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।

এদিন বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যানুগত ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। সেই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য প্রসারের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগের বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সেই সঙ্গে উভয় পক্ষই বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে এবং নতুন নতুন খাতে একসঙ্গে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বড় বড় অনেক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং বর্তমানেও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন ও নতুন চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।

কালের সমাজ/এসআর

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!