ব্যাট হাতে দলের বিপর্যয়ে হাল ধরলেন নাঈম হাসান। খেললেন দারুণ এক লড়াকু অর্ধশতকের ইনিংস। তবে শেষ পর্যন্ত তার বিদায়ের পর থামে বাংলাদেশের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে গুটিয়ে গেছে টাইগাররা। তাতে ক্যারিবীয়দের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭০ রান। অন্যদিকে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১০ উইকেট।
দিনের শুরুতেই বাংলাদেশ শিবিরে ধাক্কা দেন কেভিন সিনক্লেয়ার ও ওয়ারিক্যানরা। ওয়ারিক্যানের করা ওভারের শেষ বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জাকের আলী। ফ্লাইট ও টার্নে পরাস্ত হয়ে ২২ রানেই থামতে হয় এই উইকেটকিপার ব্যাটসম্যানকে।
এরপর স্পিনারদের ঘূর্ণিতে আরও বিপাকে পড়ে বাংলাদেশ। ওয়ারিক্যানের আর্ম বলে এবার বিদায় নেন হাসান মাহমুদ। নিচু হয়ে আসা বলটি ব্যাকফুটে গিয়ে সামলাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাট-বলের সংযোগ ঘটাতে ব্যর্থ হওয়ায় বল আঘাত হানে তার সামনের প্যাডে। নাঈমের সঙ্গে ২৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ার পথে হাসানের অবদান ৮ রান।
হাসানের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলামও। রোস্টন চেজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ব্যাট থেকে এসেছে ৮ রান।
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছিলেন নাঈম হাসান। সাবলীল ব্যাটিংয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ অর্ধশতক। শেষ দিকে রানের গতি বাড়াতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৯১ বলে ৫২ রান করেন এই ব্যাটার।
এতে বাংলাদেশের ইনিংস থামে ১৪২ রানে। প্রথম ইনিংসের হিসাব মিলিয়ে সবমিলিয়ে ১৬৯ রানের লিড পেয়েছে টাইগাররা। ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৭০ রান।
বল হাতে ক্যারিবীয়দের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক রোস্টন চেইজ। একাই শিকার করেছেন পাঁচ উইকেট। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন জোমেল ওয়ারিকান, নিয়েছেন চার উইকেট। বাকি উইকেটটি গেছে শামার জোসেফের ঝুলিতে।
কালের সমাজ/এসআর

