ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ইতিহাস গড়লেন রজনীকান্ত

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২, ২০২৬, ১০:৪৯ পিএম ইতিহাস গড়লেন রজনীকান্ত

তামিল সিনেমা ও রজনীকান্ত যেন একে অপরের পরিপূরক। উপমহাদেশে তামিল চলচ্চিত্রের জনপ্রিয়তা ছড়িয়ে দেওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ার পেরিয়ে ৭৫ বছর বয়সেও অভিনয়ের দাপট ধরে রেখেছেন এই সুপারস্টার। এখনও তার সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক উন্মাদনা।

সম্প্রতি মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। মাত্র ১৮ দিনেই বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করে তামিল চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে এটি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পায় ‘জেলার ২’। মুক্তির ১৮ দিনের মাথায় সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৮০৭ কোটি ২৫ লাখ রুপি। শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, ভারতের বক্স অফিসেও নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। দেশটির প্রেক্ষাগৃহে ৫৩৩ কোটি ৭৫ লাখ রুপির বেশি আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি।

সিনেমাটির মোট আয়ের বড় একটি অংশ এসেছে ভারতের বাজার থেকে। বাকি আয় এসেছে আন্তর্জাতিক বাজারে প্রদর্শনীর মাধ্যমে। এর মধ্যে শুধু তামিল ভাষার সংস্করণ থেকেই সিনেমাটির আয় ৩১৬ কোটি রুপি।

‘জেলার ২’-এর আগে ভারতে সর্বোচ্চ আয়ের তামিল সিনেমা ছিল রজনীকান্তেরই ‘২.০’। সেটি আয় করেছিল ৫১৯ কোটি রুপি।

নেলসন দিলীপকুমারের সুপারহিট সিনেমা ‘জেলার’ (২০২৩)-এর সিক্যুয়েল এটি। এতে রজনীকান্তের সঙ্গে রয়েছেন এস. জে. সুরিয়া, মিঠুন চক্রবর্তী, রাম্য কৃষ্ণান, বিদ্যা বালান প্রমুখ। অতিথি চরিত্রে চমক দেখিয়েছেন মোহনলাল, শিব রাজকুমার, হৃতিক রোশন, জ্যাকি শ্রফ, বিজয় সেথুপতির মতো তারকারা।
কালের সমাজ/কে.পি

Link copied!