ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হাটহাজারীতে শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৩, ২০২৬, ১০:০৯ পিএম হাটহাজারীতে শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক

হাটহাজারীতে অবস্থিত চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মাহ্‌বুব। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের শুরুতে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের নেতৃত্বে নিবাসী শিশুরা মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে তিনি কেন্দ্রের বাগানে চায়না বারোমাসি আমের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রম তুলে ধরেন। তাঁর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

অনুষ্ঠানে কেন্দ্রের নিবাসী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশুদের পরিবেশনা উপভোগ করে মহাপরিচালকসহ উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিশুরা নিজেদের হাতে তৈরি পুঁতির কলার ছড়ার শোপিস মহাপরিচালককে উপহার দেয়।

পরিদর্শনকালে মহাপরিচালক কেন্দ্রের সার্বিক পরিবেশ, শিশুদের আবাসন ব্যবস্থা, অফিস ব্যবস্থাপনা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন। এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, মহাপরিচালকের এই আকস্মিক পরিদর্শন কেন্দ্রের সেবার মান আরও উন্নত এবং কার্যক্রমকে অধিক গতিশীল ও সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রটি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত, বিপন্ন ও পথশিশুদের পুনর্বাসনে কাজ করছে। এখানে শিশুদের নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষণ ও চিত্তবিনোদনসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। পাশাপাশি শিশুদের কর্মসংস্থান, পুনর্বাসন ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।##
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!