ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

জ্যোতির পদত্যাগ, কে হচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?

ক্রীড়া প্রতিবেদক | সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৪:১৭ পিএম জ্যোতির পদত্যাগ, কে হচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?

জাপানে চলমান এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ই-মেইলের মাধ্যমে ইতোমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। নিজের ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে বাড়তি মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন সুলতানা।

এদিকে নিগার সুলতানার জায়গায় নতুন অধিনায়ক নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছে বিসিবি। অধিনায়কত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার এবং মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারী। বিসিবির এক সূত্র ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছে, পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন নিয়ে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসলে নাহিদা ও সোবহানার নাম সামনে আসতে পারে।

বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বলেন, ‘নিগারের জায়গা নেওয়ার মতো খুব বেশি ক্রিকেটার আছে বলে মনে হয় না। কিন্তু তিনি যখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমাদের কাউকে খুঁজে বের করতেই হবে। সংক্ষিপ্ত সংস্করণে অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী।’

নাহিদা ও সোবহানার বাইরে ভবিষ্যতের কথা মাথায় রেখে বিসিবি অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারকেও নেতৃত্বের জন্য তৈরি করতে পারে। এর মধ্যে ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার বিকল্প হতে পারেন। তবে এই মুহূর্তে তাদের কাউকে দায়িত্ব দেওয়াটা কিছুটা আগেভাগে হয়ে যাবে বলে বোর্ডের ভেতরে একটি ধারণা রয়েছে।

২০২২ সাল থেকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করে আসছেন জ্যোতি। তার অধিনায়কত্বের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় পায় বাংলাদেশ। ওই আসরে ব্যাট ও গ্লাভস হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন জ্যোতি। চার ইনিংসে করেন ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে ছিল সাতটি ডিসমিসালও। তবে তার সাম্প্রতিক ফর্ম ও দলের একের পর এক হার নতুন করে প্রশ্নের জন্ম দেয়।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর এশিয়া কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের পর বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর সাথে যোগাযোগের টানাপোড়েন তার এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, সাবেক ক্রিকেটার জাহানারা আলমের ড্রেসিংরুমে দল চালনা সংক্রান্ত অভিযোগ এবং সুলতানার সাম্প্রতিক ব্যাটিং ফর্মের ঘাটতিও এই আলোচনার জন্ম দিয়েছে।

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক দ্রুতই ঠিক করতে হবে বাংলাদেশকে। আগামী ২১ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটিই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিগারের সম্ভাব্য শেষ ম্যাচ হতে পারে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিততে পারলে জ্যোতির বিষয়টি ফের থাকতে পারে বিবেচনায়। এ ছাড়া বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তন আসছে। প্রধান কোচ সারোয়ার ইমরানকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হতে পারেন বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের সাবেক প্রধান কোচ ডেভিড হেম্প। সূত্র- ক্রিকবাজ

কালের সমাজ/এসআর

Link copied!