ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহম্মদপুরে কফি চাষে সম্পদ মন্ডলের বাজিমাত

হাসনাত হান্নান তামিম, মহম্মদপুর (মাগুরা) | নভেম্বর ২২, ২০২৬, ১০:৪১ পিএম মহম্মদপুরে কফি চাষে সম্পদ মন্ডলের বাজিমাত


আম, কাঁঠাল আর লিচুর চিরায়িত বাগানের ভিড়ে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামে এখন ভিন্ন এক দৃশ্য। নবগঙ্গা নদীর তীরঘেঁষা নিভৃত এই জনপদে নিজের আঙিনায় কফি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তা সম্পদ মন্ডল। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের অনার্সের এই শিক্ষার্থী গতানুগতিক কৃষির বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগে সফলতার দৃস্টান্ত গড়েছেন।
জানা যায়, উপজেলার রাজপাট গ্রামের জগদীশ মন্ডলর ছেলে সম্পদ মন্ডল ২০২৪ সালের মাঝামাঝি সময়ে রংপুরের তারাগঞ্জের একটি বাগান থেকে অ্যারাবিকা জাতের ২০০টি কফি চারা সংগ্রহ করেন। প্রতিটি চারা ৫০ টাকা দরে ১০ হাজার টাকায় কেনা চারাগুলো তিনি বাড়ির আঙিনার পাঁচ শতাংশ জমিতে রোপণ করেন। নিবিড় যত্ন ও পরিচর্যায় আড়াই বছরের মাথায় গাছে প্রথম ফলন এসেছে। প্রথমবারেই প্রতিটি গাছে এত বেশি ফল ধরেছে যে ফলের ভারে ডালপালা নুয়ে পড়েছে। কাঁচা অবস্থায় সবুজ রঙের এসব ফল পাকলে লাল রঙ ধারণ করে, যা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি কৌতূহল জাগাচ্ছে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মনেও।
ফল সংগ্রহের পর রোদে শুকিয়ে অল্প আঁচে ভেজে কফি বিন আলাদা করতে হয়। সম্পদ মন্ডল জানান, এবার প্রথম ফলনেই তিনি ৪৫ থেকে ৫০ কেজি বিক্রির উপযোগী কফি বিন পাওয়ার আশা করছেন। মানভেদে প্রতি কেজি কফি বিন এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হলে ৪৫ হাজার থেকে ৭৫ হাজার টাকার আয়ের সম্ভাবনা দেখছেন তিনি। ইতোমধ্যে রংপুরের একটি প্রতিষ্ঠান তাঁর উৎপাদিত কফি কেনার আগ্রহ প্রকাশ করেছে।
সম্পদ মন্ডল বলেন, “কফি চাষে খরচ নেই বললেই চলে। এটি অনেক লাভজনক আবাদ। আগামীতে বাণিজ্যিকভাবে বড় পরিসরে কফি চাষের পরিকল্পনা রয়েছে।”
কফি বিনের ক্যাফেইন যেমন কর্মক্ষমতা বাড়ায়, তেমনি সম্পদের এই উদ্যোগ স্থানীয় তরুণদের মাঝেও নতুন উদ্দীপনা ছড়াচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও কারিগরি সহায়তা পেলে তাঁর এই ছোট্ট আঙিনার উদ্যোগ বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে।
উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান শিলু বলেন, “সম্পদ মন্ডল খুবই উদ্যমী ও পরিশ্রমী। তার ভেতরে একাগ্রতা আছে। মহম্মদপুরের নিভৃত গ্রামে কফি উৎপাদন করে ইতোমধ্যে সাড়া ফেলেছেন। তরুণ উদ্যোক্তার এই অনন্য উদ্যোগ ও প্রচেষ্টা সফল হলে সম্পদ মন্ডল সত্যিই দেশের ‘সম্পদ’-এ পরিণত হবেন।”

কালের সমাজ/কে.পি

Link copied!