ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবি | নভেম্বর ২২, ২০২৬, ১০:৩৬ পিএম উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, পায়রা ও বেলুন উড্ডয়ন এবং কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন।

পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য।

পরে প্রশাসন ভবনের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছিলেন, সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বর্তমান প্রশাসন প্রাণান্তকর চেষ্টা করছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। আগামী বছরের জন্য এটিই হোক আমাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন ফটক ও চত্বরে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোতে আলপনা আঁকা ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে ক্যাম্পাস। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শাখা ছাত্রদলের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে।

কালের সমাজ/কে.পি

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!