ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে ছিনতাই ৫ লাখ ৩০ হাজার টাকা , গ্রেপ্তার ৭

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২২, ২০২৬, ০৯:৫১ পিএম ফটিকছড়িতে ছিনতাই ৫ লাখ ৩০ হাজার টাকা , গ্রেপ্তার ৭

চা শ্রমিকদের বেতন-বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই; প্রধান আসামির বাড়ির বাঁশের চাটাইয়ের সিলিংয়ে কালো ব্যাগে লুকানো ছিল অধিকাংশ টাকা, বাকি ২ লাখ উদ্ধারে অভিযান চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা। এর মধ্যে প্রধান আসামির বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর কালো ব্যাগে লুকিয়ে রাখা ছিল ৫ লাখ ৩০ হাজার টাকা। বাকি ২ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। রোববার (২২ নভেম্বর) ভূজপুর থানা-পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশকে (৫৩) আহত করে দুর্বৃত্তরা। পরে তাঁদের কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২টার দিকে চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে প্রধান আসামি জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে, বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৩০ হাজার টাকা। 

সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। তাঁদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের দিকনির্দেশনায় ভূজপুর থানা-পুলিশের একটি বিশেষ দল ধারাবাহিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধার করে।
ফটিকছড়িতে ছিনতাইয়ের ৫ লাখ ৩০ হাজার টাকা মিলল ঘরের সিলিংয়ে, গ্রেপ্তার ৭

কালের সমাজ/কে.পি

Link copied!