পাবনার ঈশ্বরদীতে আবাসিক ভবনে গোপনে বিদেশি মদ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ১০০ লিটার তৈরি মদ, মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) জব্দ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক কার্যালয়ের পাশের একটি তিনতলা আবাসিক ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাভেদ জাফর (৫৬) ও মো. উজ্জ্বল (৪৫)। তাঁদের মধ্যে জাভেদ জাফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। অপরদিকে, মো. উজ্জ্বল ওই তিনতলা ভবনের মালিক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুনহাট এলাকার ওই ভবনে মদ উৎপাদনের বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়। পরে ভবনে তল্লাশি করে বিপুল পরিমাণ জাওয়া, তৈরি মদ ও মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কালের সমাজ/কে.পি

