ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীর মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীতে শিক্ষাবৃত্তি, সাইকেল, সেলাই মেশিন ও বসতঘর বিতরণ

হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি, | নভেম্বর ২০, ২০২৬, ০৭:৪৫ পিএম হাটহাজারীর মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীতে শিক্ষাবৃত্তি, সাইকেল, সেলাই মেশিন ও বসতঘর বিতরণ

হাটহাজারী উপজেলার মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, অসহায় নারী ও গৃহহীন পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, সাইকেল, সেলাই মেশিন ও বসতঘর বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং গৃহহীন পরিবারের মাঝে বসতঘর হস্তান্তর করা হয়। এ ছাড়া প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য ঘর প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান ও আবাসন নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, নারীরা যাতে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন এবং গৃহহীন পরিবারগুলো যাতে নিরাপদ আশ্রয় পায়, সে লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হচ্ছে।

এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করে বিশেষ বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীর বাসিন্দারা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

Link copied!