কক্সবাজারের মহেশখালী উপজেলায় পৃথক ঘটনায় একই দিনে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কালারমারছড়া ইউনিয়নে দুই বোনের মৃত্যু এবং মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২০ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় উত্তর নলবিলা মাঝেরপাড়া ও আকবর হাজীপাড়া জামে মসজিদ মাঠে নিহত দুই যুবকের জানাজার নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়।
একই দিনে পৃথক ঘটনায় জুমার নামাজের পর কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী জুমপাড়ায় নিহত দুই নারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চারজনের মৃত্যু এবং আরও একজনের আহত হওয়ার ঘটনায় মহেশখালীজুড়ে শোকের আবহ বিরাজ করছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন মো. শাহীন (১৬)। এ ঘটনায় আহত মো. ইকবাল হোছাইন (২৭) চকরিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি সৌদি আরবপ্রবাসী ছিলেন। এ ঘটনায় আহত আরেক যুবক মো. কাইয়ুম (২০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত দুই নারী হলেন—চালিয়াতলী জুমপাড়ার জাফর আহমদের মেয়ে সুমি আক্তার (৩২) এবং একই এলাকার মো. ইসহাকের মেয়ে ইসমত আরা (৩৮)। সম্পর্কে তাঁরা চাচাতো বোন। স্থানীয় সূত্রে জানা যায়, সুমি আক্তারের মৃত্যুর খবর শুনে তাঁকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন তাঁর চাচাতো বোন ইসমত আরা। কিন্তু সেখানে গিয়ে হঠাৎ স্ট্রোক করে তিনিও মারা যান বলে জানা গেছে। একই দিনে দুই বোনকে হারিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কাইয়ুমের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁরা।
কালের সমাজ/কে.পি

