ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

জেলা প্রতিনিধি, নরসিংদী | নভেম্বর ২০, ২০২৬, ০৬:৫৫ পিএম নরসিংদীতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

নরসিংদীর পলাশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুন জ্বললেও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় কার্যালয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে বাড়াচর গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের নাইট গার্ডের তথ্যমতে, কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পরপর ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমা নিক্ষেপের পর কার্যালয়ের সামনে আগুন জ্বলে উঠলে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীর সহায়তায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জিনারদী গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার সুমি জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ভিতরের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ।  পলাশ থানায় এ ঘটনায় একটি জিডি করা হবে।

এদিকে খবর পেয়ে রাতেই পলাশ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালের সমাজ/কে.পি

Link copied!