ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ২১, ২০২৬, ১১:৫৬ এএম রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ ৫ জন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক  জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে বাসার ভেতর বিস্ফোরণের শব্দে তার ঘুম ভাঙ্গে। সঙ্গে সঙ্গে তার শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও ঝলসে যায়। তখন বাচ্চাকে নিয়ে দৌড়ে রুম থেকে বাইরে বের হন। একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন তার স্ত্রী ও পাশের রুমের মা-মেয়ে।

মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। সকালে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

এদিকে কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটনহ ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তার আগেই আগুন নিভে যায়। আর প্রতিবেশীরাই দগ্ধদেরকে হাসপাতালে নিয়ে গেছেন। বিস্ফোরণটি বিকট ছিল। বিস্ফোরণের শব্দে দরজা জানলা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালের সমাজ/এসআর

Link copied!