ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রাজধানীতে বৃষ্টি, শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৯, ২০২৬, ০৯:১৬ পিএম রাজধানীতে বৃষ্টি, শীতের আগমনী বার্তা

কার্তিক মাসের শেষ দিকে এসে রাজধানী ঢাকায় হঠাৎ বৃষ্টি নেমেছে। সকাল থেকে রোদ-মেঘের লুকোচুরির পর দুপুরের দিকে আকাশে মেঘ জমতে শুরু করে। পরে বিকেল ও সন্ধ্যায় দমকা হাওয়া ও বজ্রপাতের সঙ্গে বৃষ্টি নামে। এতে আবহাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে।

রাজধানীর উত্তরা, মিরপুর, বিমানবন্দর, ফার্মগেট, ধানমন্ডি ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। ঢাকার পাশাপাশি পার্শ্ববর্তী গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জের বিভিন্ন স্থানেও বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

হঠাৎ বৃষ্টিতে অফিস শেষে বাসায় ফেরার পথে আটকা পড়েন রাজধানীর অনেক মানুষ। তাদের মধ্যে আব্দুর রউফ নামে এক ব্যক্তি বাসসকে বলেন, কয়েক দিন ধরে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তিনি। নভেম্বরের এই সময়ে বৃষ্টি হবে, তা ভাবেননি। হঠাৎ বৃষ্টির ঠান্ডা হাওয়া মন জুড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি।

আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। একই সঙ্গে বৃষ্টির পর ঠান্ডা বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে রাতে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
কালের সমাজ/কে.পি

Link copied!