ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

৩ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন কৃষক শামসুল আলম

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৯, ২০২৬, ০৮:১১ পিএম ৩ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন কৃষক শামসুল আলম

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সীমান্তবর্তী পুর্নগ্রাম পাহাড়ে কোনোভাবেই থামছে না অপহরণকারী চক্রের তাণ্ডব। গহীন পাহাড়ে বন্দি রেখে পাশবিক নির্যাতনের পর ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত হয়েছেন শামসুল আলম (৬১) নামে এক কৃষক। তবে মুক্তির পরও থামেনি চক্রটির হুমকি-ধমকি। ফের ২ লাখ টাকা দাবি করে তা না দিলে অবৈধ অস্ত্র হাতে থাকা অবস্থায় ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। শামসুল আলম পুর্নগ্রাম এলাকার শহর মুল্লুকের ছেলে। গত ১১ অক্টোবর খুটাখালী ইউনিয়নের পুর্নগ্রামের দশকাইন্না নামক স্থান থেকে তাকে অপহরণের ঘটনায় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিহ্নিত চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন তিনি। 

মামলার নম্বর সিআর ১৯৯৫/২০২৬। মামলার পর অপহরণকারী চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। পরিবার ও মামলার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকাল ৮টার দিকে শামসুল আলম তার পালিত ডজনাধিক গরু নিয়ে দশকাইন্না নামক চারণভূমিতে যান। এ সময় চিহ্নিত ডাকাত আবছার, রমজান, জসিম, গিয়াসসহ একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে জিম্মি করে গহীন পাহাড়ে তুলে নিয়ে যায়। অপহরণের দিন রাতেই শামসুল আলমের পরিবারের মোবাইল ফোনে কল করে প্রাণনাশের হুমকি দেয় অপহরণকারীরা। একই সঙ্গে তার মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবি করা হয়। ভুক্তভোগীর স্বজনরা জানান, পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে অপহরণকারীদের সঙ্গে দরকষাকষি শুরু করেন তারা। একপর্যায়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দিলেও শামসুল আলমকে ছেড়ে দিতে গড়িমসি করে চক্রটি। 

পরে বাধ্য হয়ে ঋণ করে মুক্তিপণের টাকা পরিশোধ করেন স্বজনরা। এরপর কৌশলে বন্দিদশা থেকে পালিয়ে আসেন শামসুল আলম। মুক্তির পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় অনাহার-অর্ধাহারে আটকে রাখা এবং ভারী অস্ত্র ও লাঠিসোটা দিয়ে নির্মম নির্যাতনের কারণে তার শারীরিক অবস্থা গুরুতর বলে পরিবারের দাবি। শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে। অতিরিক্ত মারধর ও মানসিক ট্রমায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে স্ত্রী, কন্যা, দুই ছেলে ও তাদের পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে তার। অভিযোগ রয়েছে, মুক্তিপণ আদায়ের পাশাপাশি চক্রটি পাহাড়ি বাগান থেকে মহিষ ও গাছ লুট এবং অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত। শামসুল আলমের মুক্তির পরও নতুন করে ২ লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্রসংক্রান্ত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। বিষয়টি নিশ্চিত করে খুটাখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আজিম বলেন, “অপহৃত ব্যক্তি পাহাড়ি এলাকা থেকে ফিরে এসে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিবারের পক্ষ থেকে প্রথমে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে তারা আদালতের শরণাপন্ন হন। বর্তমানে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করছে। স্থানীয়দের অভিযোগ, ঈদগাঁও-ঈদগড় ও পুর্নগ্রামকেন্দ্রিক পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসী চক্রের অপহরণ, মুক্তিপণ আদায় এবং সাধারণ মানুষকে গহীন পাহাড়ে নিয়ে নির্যাতনের ঘটনা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পুর্নগ্রামের সাপেরগাড়া, কালাপাড়া, লাপেরঘোনা, ফুলছড়ি, খেলিবিল, গোলচড়া, বড়চড়া ও মুরংগ্যাঝিরিসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় এসব চক্রের একাধিক আস্তানা রয়েছে বলে দাবি তাদের। এ ছাড়া ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা ও হিমছড়ি ঢালায়ও ডাকাতদলের বিশাল নেটওয়ার্ক রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পাহাড়ি সীমান্ত এলাকায় কৃষিকাজ ও দৈনন্দিন প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি জনপদে সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ না হলে সাধারণ মানুষের জীবন ও জীবিকা আরও ঝুঁকির মুখে পড়বে। তারা অবিলম্বে এসব পাহাড়ি আস্তানায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা, অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং পাহাড়ি জনপদে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!