জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন অর্থায়ন ও বৈশ্বিক জলবায়ু আলোচনায় তরুণদের কার্যকর অংশগ্রহণের দাবি তুলে ধরতে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন COP31-এ অংশ নিচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ও তরুণ জলবায়ুকর্মী মো. আপেল আলী।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) অধীনে আয়োজিত বহুল প্রতীক্ষিত এই ‘কপ-৩১’ (COP31) সম্মেলনে তিনি অংশ গ্রহণ করেছেন। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক, পরিবেশবিদ ও তরুণ জলবায়ুকর্মীরা অংশ নিচ্ছেন।
মো. আপেল আলী কবি নজরুল সরকারি কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক সংগঠন ‘ব্রাইটার্স’-এর সিনিয়র লিডারশিপ টিম কো-অর্ডিনেটর, ‘ভিএসও বাংলাদেশ’ (VSO Bangladesh)-এর ইয়ুথ ভলান্টিয়ার এবং ‘ভিডিএফ’ (VDF)-এর ঢাকা বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দিনাজপুর থেকে ২০২০ সালে স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে শুরু হয় তার পথচলা। স্থানীয় পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশগত কর্মকাণ্ডে যুক্ত হতে গিয়েই জলবায়ু পরিবর্তন বিষয়ে গভীর আগ্রহ তৈরি হয় তার।
COP31-এ আপেল আলীর আগ্রহের প্রধান ক্ষেত্র Loss and Damage, Adaptation, Climate Finance এবং Meaningful Youth Participation। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, কৃষি, পানিসম্পদ, খাদ্যনিরাপত্তা ও মানুষের জীবন-জীবিকার ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, সেসব বিষয় আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান তিনি।
ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও লবণাক্ততার মতো সংকট কীভাবে দেশের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে, তা বৈশ্বিক আলোচনায় গুরুত্ব পাওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে মো. আপেল আলী বলেন, ‘জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত সংকট নয়, এটি মানুষের জীবন, জীবিকা, খাদ্য, পানি, স্বাস্থ্য ও মানবাধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমাদের দেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। তাই বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের তরুণদের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং ন্যায্য দাবিগুলো তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের শুধু জলবায়ু সংকটের ভুক্তভোগী হিসেবে নয়, বরং সমাধান ও নীতিনির্ধারণের সক্রিয় অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে।’
আন্তর্জাতিক এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ফিরে স্থানীয় পর্যায়ে জলবায়ুবিষয়ক উদ্যোগ আরও শক্তিশালী করা, তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং নতুন নেতৃত্ব তৈরিতে কাজ করার প্রত্যাশার কথাও জানান তিনি।
কালের সমাজ/কে.পি

