ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৯, ২০২৬, ০৮:৫৬ পিএম বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা ১৫ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এক প্রজ্ঞাপনে জানায়, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতে বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে কয়েকটি নিয়ম শিথিল করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এছাড়া বিদেশে শিক্ষার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মও শিথিল করা হয়েছে।

এখন থেকে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার জন্য বিনা অনুমতিতে বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে ‘এডি’ ব্যাংকগুলো। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

অন্য এক নির্দেশনায় করেসপনডেন্স কোর্সের মাধ্যমে নিয়মিত প্রাতিষ্ঠানিক পড়াশোনার বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের শর্ত তুলে নেওয়া হয়েছে। আগে কেবল সনদ ও পেশাগত কোর্সের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য ছিল।

আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবের নিয়মও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে ঘোষণা দিলে তা আরএফসিডি হিসাবে জমা রাখতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালার সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে। তবে অন্যান্য প্রচলিত নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এসব উদ্যোগের ফলে বৈধ চলতি হিসাবভুক্ত লেনদেন সহজ হবে এবং বিদেশে চিকিৎসা ও শিক্ষার সুযোগ গ্রহণে আগ্রহী ব্যক্তিরা আরও বেশি সুবিধা পাবেন।

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!