ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

জুলাই শহীদের স্মৃতিস্তম্ভে আগুন, গ্রেপ্তারের দাবিতে অনশনে ছাত্রনেতারা

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | নভেম্বর ৯, ২০২৬, ০৭:৪৮ পিএম জুলাই শহীদের স্মৃতিস্তম্ভে আগুন, গ্রেপ্তারের দাবিতে অনশনে ছাত্রনেতারা

ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতারা।
‎সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে নগরের সারদা ঘোষ রোড এলাকায় স্মৃতিস্তম্ভের সামনে তারা এ কর্মসূচি পালন করছেন।
‎এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনশনরত নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতিস্তম্ভে হামলা শুধু একটি স্থাপনায় অগ্নিসংযোগ নয়, বরং আন্দোলনে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারীদের নিরাপত্তার জন্যও হুমকি। তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সদস্যসচিব আলী হোসেন বলেন, গত রাত প্রায় ২টার দিকে তারা জানতে পারেন, ময়মনসিংহের জুলাই অভ্যুত্থানের একমাত্র শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ ও সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন একটি সংবেদনশীল স্থানে হামলার ঘটনা প্রমাণ করে, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে।
‎তিনি আরও বলেন, যারা এই স্মৃতিস্তম্ভে হামলা করেছে, তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা অনশন করছি। যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ আমাদের অনশন অব্যাহত থাকবে।
‎
‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। ডিসেম্বরকে সামনে রেখে পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
‎
‎মঞ্জু আরও অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং বিভিন্ন রাজনৈতিক মহলের আশ্রয়-প্রশ্রয়ে এসব নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের অনশন চলবে বলে জানান।
 

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্যসচিব খলিলুর রহমান বলেন, শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী জড়িত বলে তারা মনে করেন। ডিসেম্বরকে ঘিরে পরিকল্পিতভাবে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
‎

খলিলুর রহমান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর এমন একটি সংবেদনশীল স্থানে হামলার সাহস দেখানো সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা। এই ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে প্রশাসনিক কাঠামো সংস্কার না করা।
 

‎বিগত ১৬ বছর শেখ হাসিনার শাসনামলে দায়িত্ব পালন করা আমলাদের দিয়েই বর্তমান সরকার পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এসব আমলা সরকারকে যথাযথ সহযোগিতা করছেন না। গণঅভ্যুত্থানের পর প্রশাসন সংস্কারের বিষয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অবহিত করলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
 

‎শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রশাসন সংস্কারের দাবি জানিয়েছেন অনশনরত নেতারা।
‎

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনাটি পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আমরা বিষয়টি বোঝার চেষ্টা করছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
‎
‎উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে নগরের মিন্টু কলেজ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাঁর স্মৃতি ধরে রাখতে আন্দোলনকারীরা ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তার ছবি সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!