ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

খুলনায় উদ্ভাবন,সেবা সহজীকরণ ও চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৯, ২০২৬, ০৮:০২ পিএম খুলনায় উদ্ভাবন,সেবা সহজীকরণ ও চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কৃষিতে উদ্ভাবন, সেবা সহজীকরণ এবং চতুর্থ শিল্প বিপ্লবসংশ্লিষ্ট প্রযুক্তি ও সম্ভাব্য চ্যালেঞ্জ বিষয়ে খুলনায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ইনোভেশন টিমের আয়োজনে ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সভাপতিত্ব করেন ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের উপ-পরিচালক এ এইচ এম জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রশাসন ও অর্থ উইংয়ের সহকারী পরিচালক আরিফ মোহাম্মদ মোজাক্কের। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুরাদুল হাসান এবং কৃষিবিদ হাসান ওয়ারিসুল করিম। 

এ সময় পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেন, দৌলতপুর এটিআইয়ের সাবেক অধ্যক্ষ কৃষিবিদ এস এম ফেরদৌস, বিএডিসি (সেচ) জোনের নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক, বিসিআরএল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মো. আশরাফুল আলমসহ খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ের উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএই খুলনা অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আব্দুর রহিম বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে কৃষি খাতে অনেক অনিয়ম দূর হবে। 

একটি কার্ডের মাধ্যমেই কৃষক বিভিন্ন ধরনের সরকারি সেবা ও সুবিধা পাবেন। এতে প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। এ লক্ষ্যে ইতোমধ্যে ৪০ থেকে ৪৫টি ফিল্ডে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষকের তথ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা সম্ভব হলে কৃষি খাতের উদ্ভাবনী কার্যক্রম ও সেবা সহজীকরণ আরও গতিশীল হবে। তিনি বলেন, আমদানিনির্ভর ফসলের উৎপাদন বাড়ানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। গত মৌসুমে সার নিয়ে নানা আলোচনা ও অভিযোগ উঠেছে। এ বছর যাতে সার বিতরণে কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বরাদ্দ পাওয়ার পর প্রত্যেক ডিলারকে সার উত্তোলন করে নিজস্ব গুদামে সংরক্ষণ এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কঠোর মনিটরিং প্রয়োজন। তিনি আরও বলেন, দেশে বছরে প্রায় ৬২ লাখ মেট্রিক টন সারের লক্ষ্যমাত্রা রয়েছে। 

বিপরীতে কৃষিতে প্রয়োজন হয় প্রায় ৫৮ লাখ মেট্রিক টন সার। অর্থাৎ সারের ঘাটতি নয়, বরং সুষ্ঠু ব্যবস্থাপনা ও সঠিক বণ্টন নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কৃষির যান্ত্রিকীকরণের ওপর গুরুত্বারোপ করে মহাপরিচালক বলেন, কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ানো গেলে উৎপাদন খরচ কমবে এবং কৃষক লাভবান হবেন। উদাহরণ হিসেবে তিনি রাজবাড়ীর পাংশার এক মেকানিক্যাল মিস্ত্রির উদ্ভাবিত পেঁয়াজের পাতা কাটার যন্ত্রের কথা উল্লেখ করেন। যন্ত্রটি দিয়ে ঘণ্টায় প্রায় ৪০ মণ পেঁয়াজের পাতা কাটা সম্ভব, যা প্রায় ১০ জন শ্রমিকের কাজের সাশ্রয় করে। এ উদ্ভাবনকে কাজে লাগিয়ে পেঁয়াজ উৎপাদনকারী এলাকায় উদ্যোক্তা তৈরি এবং সমবায় পদ্ধতিতে এসব যন্ত্র সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

এ বিষয়ে কৃষিমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে বলে তিনি জানান। প্রধান অতিথি আরও জানান, ইতোমধ্যে সাতটি ফসলের জন্য প্রণোদনা কার্যক্রম চালু হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের ১১টি জেলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ৫৫ হাজার কৃষককে এ কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারি আদেশও জারি হয়েছে। তিনি কৃষি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারের কঠোর নির্দেশনা অনুযায়ী কৃষি প্রণোদনা, সার বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন ও রাজস্ব প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রকৃত কৃষকরা যাতে সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। 
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!