ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ঘোষণা দিয়ে নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের শপথ

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৯, ২০২৬, ০৭:৩০ পিএম ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ঘোষণা দিয়ে নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের শপথ

আগামী ডিসেম্বরে নিষিদ্ধ রাজনৈতিক দলের সভাপতি  শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা। শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ঝালকাঠিজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
 

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী একত্রিত হয়েছেন। সেখানে চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ পাঠ করেন তারা। শপথে নেতাকর্মীরা বলেন, “আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধুকন্যার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে, স্বাধীনতাবিরোধীদের হাত থেকে, শেখ মুজিবের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করব। 

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।” ভিডিও প্রকাশের বিষয়ে চৌধুরী সোহান আহমেদ সাদ্দাম বলেন, ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় রাজপথে সক্রিয় থাকবে। শপথ গ্রহণ কর্মসূচিটি তত্ত্বাবধান করেন নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক রাশেদ অর্ণব। এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।


কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!