ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৮, ২০২৬, ০৪:৩৪ পিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন

এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো একই হারে নতুন পে-স্কেল পেতে যাচ্ছেন। আগামী কিছু দিনের মধ্যেই তারা নতুন পে-স্কেলের আওতায় আসবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৮ নভেম্বর) বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চলতি বছরে শিক্ষা খাতে সর্বাধিক বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে সবাই নতুন পে-স্কেল পেয়েছেন। তবে এমপিওভুক্ত শিক্ষকরা এতদিন কিছুটা পিছিয়ে ছিলেন। সেই বৈষম্য দূর করে তারাও একই পে-স্কেল পেতে যাচ্ছেন। আগামী কিছু দিনের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেল পাবেন।

তিনি বলেন, শিক্ষার সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সৃজনশীলতার মাধ্যমে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখেই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করতে হবে।

আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করছি। প্রতিনিয়ত আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশ থেকে ৩৪৭ জন স্থান পেয়েছেন। এসব বিজ্ঞানীকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে।


মন্ত্রী আরও বলেন, গবেষণা, লেখালেখি ও রিসার্চ পেপারের মাধ্যমে যারা আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছেন, তাদের নিয়ে কাজ করতে চায় সরকার। তবে গবেষণার ক্ষেত্রে কোনো ধরনের প্লেজিয়ারিজম বা অন্যের লেখা ও গবেষণা নকল করার প্রবণতা গ্রহণযোগ্য হবে না।

বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি সবাইকে গবেষণায় যুক্ত হতে হবে। পরবর্তী সময়ে পিএইচডি করার দিকেও মনোযোগ দিতে হবে। তবে শুরুতেই নয়, লেকচারার হিসেবে দায়িত্ব পালন শেষে অধ্যাপক হওয়ার পর্যায়ে ধারাবাহিকভাবে গবেষণায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতে হবে।

এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, এআইয়ের অপব্যবহার করা যাবে না। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!