ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | নভেম্বর ১৫, ২০২৬, ০৯:০৯ পিএম চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষা শেষ হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত হতে পারে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে এ জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদন পেতে হবে।

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কোনো ধরনের কারিগরি সমস্যা বা আকস্মিক সংকট দেখা না দিলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
সূত্রগুলো জানায়, প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদনের কার্যক্রম এগিয়ে চলছে। বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সে হিসাবে প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নভেম্বরেই জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পর উৎপাদন ও সরবরাহের পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন পর্যবেক্ষণের মাধ্যমে কারিগরি ত্রুটি বা অন্য কোনো সমস্যা রয়েছে কি না, তা নিশ্চিত করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে বায়েরা অনুমোদন দেবে। এরপরই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। তবে এখনো উদ্বোধনের তারিখ চূড়ান্ত হয়নি। দুই দেশের শীর্ষ পর্যায়ের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। কোনো সমস্যা নেই, তা নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী কবে সময় দিতে পারবেন, তার ওপরও উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি নির্ভর করছে। এ কারণে এখনই উদ্বোধনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা যাচ্ছে না।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে উৎপাদন ও সরবরাহ বাড়ানো হবে। প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে হিসাবে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!