ঝালকাঠি সদর উপজেলার ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজাদুর রহমান খানের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ১৪৫ নম্বর কান্ডারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাকে ঘিরে বিকেল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এর আগে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করেন চেয়ারম্যান পদপ্রার্থী আজাদুর রহমান খান। পরে শোভাযাত্রা সহকারে তাঁরা সভাস্থলে পৌঁছান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুল রহিম। মোঃ ইউসুফ হাওলাদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মোহাম্মদ হাবিবুল্লাহ রাজা খান। জেলা ও উপজেলা সহ এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী, সমর্থক ও নানা শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আজাদুর রহমান খান তাঁর নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, বিনয়কাঠি ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান তিনি।
তিনি বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নাগরিক সেবাসমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আজাদুর রহমান খান আরও বলেন, জনগণের অংশগ্রহণ ও সহযোগিতায় এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং ইউনিয়ন পরিষদের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ারও আশ্বাস দেন তিনি।
এদিকে, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আজাদুর রহমান খান ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত শুনছেন।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বিনয়কাঠি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সমস্যার সমাধানে জনসম্পৃক্ততা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
কালের সমাজ/কে.পি

