ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীর ঐতিহ্যবাহী মির্জাপুর শান্তিধাম বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি, | নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৩৯ পিএম হাটহাজারীর ঐতিহ্যবাহী মির্জাপুর শান্তিধাম বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মির্জাপুর শান্তিধাম বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান-২০২৬ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান তিন পর্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য চতুর্দশ সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর শান্তিধাম বিহারের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরো।

দ্বিতীয় পর্বে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার উন্নয়ন এবং জনগণের ন্যায্য দাবিগুলো পূরণে তিনি সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে মির্জাপুর শান্তিধাম বিহারের বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে স্বাগত জানান বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীপন কান্তি চৌধুরী। ধর্মীয় দেশনা প্রদান করেন ভদন্ত শাসনানন্দ মহাথেরো, ভদন্ত দীপানন্দ মহাথেরো, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, ভদন্ত বিপুলবংশ মহাথেরো, ভদন্ত বীরিয়বংশ থেরো, ভদন্ত সুমনজ্যোতি থেরোসহ বিশিষ্ট বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল-মুমিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া এবং ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোহাম্মদ জাকির হোসেন ও
উত্তর জেলা যুব দলের ১নং যুগ্ম সম্পাদক  শাখাওয়াত হোসেন শিমুল।
এ সময় বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানের তৃতীয় পর্বে সন্ধ্যায় মির্জাপুর বৌদ্ধ রূপায়ন সংঘের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!