নীলফামারীর সৈয়দপুরে বর্ষার বাড়তি পানি নিষ্কাশনের একমাত্র পথ পঁচানালা খাল। সেই খালের দৈর্ঘ্য ২২ কিলোমিটার। কিন্তু মাঝখানে ৫০০ মিটার খালের অস্তিত্ব মিলছে না। ফলে খাল পাড়ে বসবাসকারী প্রায় লক্ষাধিক মানুষ আতংকে আছে। ক্ষতির আশংকা রয়েছে ২৫ হাজার একর ফসলি জমির। বাপাউবো’র সৈয়দপুর পানি উন্নয়ন বিভাগের সহকারি রাজস্ব কর্মকর্তা (ভূমি ও রাজস্ব) মো. আইনাল হক জানান, এক সময় সৈয়দপুরসহ আশপাশের কয়েকটি উপজেলার কতক ইউনিয়নে বর্ষাকালে দেখা দিতো প্রচন্ড রকমের জলাবদ্ধতা। ফলে হাজার হাজার একর জমিতে আমন ধান চাষ ব্যাহত হতো। সেই সময় শুধুমাত্র আমন আবাদ করেই সারা বছরের খাবারের চাহিদা মেটানো হতো। কিন্তু জলাবদ্ধার কারণে বলতে গেলে প্রতি বছরই আমন ধান চাষ ব্যাহত হয়। এজন্য লেগে থাকতো অভাব অনটন।
দেখা দিতো ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে মঙ্গা। এমন পরিস্থিতিতে প্রজারা জমিদারের খাজনাও নিয়মিত পরিশোধ করতে পারতো না। এদিকে ক্ষুধা নিবারনে মানুষ কচু, ঘেচু, লতাপাতা সিদ্ধ করে খেয়ে জীবনধারনের চেষ্টা করতো। অখাদ্য কুখাদ্য খাওয়ায় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তো। সমাজের এমন অবস্থায় জনহিতৈষী জমিদার পঁচা সরকার নিজ অর্থ ব্যয়ে জলাবদ্ধতা নিরসনের জন্য ১৮২২ সালে দীর্ঘ ২২ কিলোমিটার এই খাল খনন করেন। তারই নাম অনুসারে খালের নামকরণ করা হয় পঁচানালা খাল। এ খাল খনন শুরু হয় নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কয়া বিল থেকে। এটি শুরু হয়ে সৈয়দপুর শহরের কয়েকটি মৌজা স্পর্শ করে ক্যান্ট পাবলিক স্কুলের পাশ দিয়ে বাঙ্গালীপুর ইউনিয়ন হয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের কিয়দ অংশ ভেদ করে চিকলী নদীতে সংযুক্ত হয়। কিন্তু কাগজ কলমে খালটির অস্তিত্ব মিলছে না ক্যান্ট পাবলিক স্কুল এলাকায় এসে। খালের অস্তিত্বহীন এ অংশটির দৈর্ঘ্য কমপক্ষে ৫০০ মিটারের কাছাকাছি।
গত দুই তিন বছর আগে সৈয়দপুর শহরে এবং আবাদী জমিতে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এজন্য দ্রুত পানি নিষ্কাশনের পথ খুঁজতে গিয়ে ওই খাল সংস্কারের বিষয় নিয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো তৎপর হয়ে ওঠে। শুরু হয় কাগজ কলমে চিঠি চালাচালি। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজন হয়ে দেখা দেয় পঁচানালা খাল সংস্কারের। এমন অবস্থায় পূর্বের নকশায় খালের অস্তিত্ব ঠিক থাকলেও বিএস নকশায় খালের ৫০০ মিটারের কোনো অস্তিত্ব মিলেনি। ফলে খালের সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। এ খবর ধীরে ধীরে সচেতন মানুষের কানে পৌছায়। যার ফলে খাল পাড়ে বসবাস করা মানুষ ও কৃষকরা রয়েছে আতংকে।
এ প্রসঙ্গে কথা হয় বিশিষ্টজন সাবেক পৌর কাউন্সিলর আকতার হোসেন ফেকু, এনজিও ব্যক্তিত্ব রাকিব আহমেদ, কলেজ শিক্ষক আনোয়ারুল ইসলাম, ব্যবসায়ী আরমান আহমেদ, সমাজসেবী আবুল হাসেমের সঙ্গে। তারা বলেন, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে বন্যা দেখা দিলে বাড়তি পানি নিষ্কাশনের প্রধান পথ পঁচানালা খাল। সেইখালে পানি প্রবাহের পথ বন্ধ থাকলে প্রাকৃতিকভাবেই পানি লোকালয়ে ঢুকে পড়বে। পানিতে ডুবে যাবে ঘরবাড়ি। ফসলি জমিও তা থেকে রক্ষা পাবে না। তাদের মতে, সংশ্লিষ্ট দপ্তরের সর্বোচ্চ কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করে উধাও হয়ে যাওয়া খাল উদ্ধার করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। যত দ্রুত সরকার এ বিষয়ে ব্যবস্থা নিবে তত দ্রুত মানুষের আতংক কাটবে।
পঁচানালা খালের ৫০০ মিটার অস্তিত্বহীন হয়ে যাওয়া বিষয়ে জানতে কথা হয় বাপাউবো’র সৈয়দপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আখিনুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, খালের মাঝখানের অংশের অস্তিত্ব উদ্ধারে আমরাও তৎপর রয়েছি। প্রয়োজনে সরকারের অন্যান্য দপ্তরের সহযেগিতা নিয়ে জনদুর্ভোগ লাঘবে খালটির হারিয়ে যাওয়া অংশ ফিরিয়ে আনা হবে। (ছবি আছে)
কালের সমাজ/কে.পি

