গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
একই সঙ্গে জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাঁকে ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি নিয়োগ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
এর আগে রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। তাঁদের কারও কারও মাথায় হেলমেটও ছিল। এ সময় বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা।
জেলা শহরে মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যেই প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে এই পরিবর্তন আনল সরকার।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কালের সমাজ/কে.পি

