দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মসংস্থান উপযোগী শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে চাকরির বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় জরুরি।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিইউপিতে বর্তমানে সাইবার নিরাপত্তা, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।
এ ছাড়া শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও প্রয়োজনীয় পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য।
সাক্ষাৎকালে উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/এসআর

