মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে হামলার অভিযোগ; রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বাঁচার আকুতি, সন্দেহভাজন কসাই আলম আটক চট্টগ্রামের ফটিকছড়িতে জনসমাগমপূর্ণ বিবিরহাট বাজারে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক বেলাল উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ব্যস্ততম বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয় তাঁর। এ ঘটনায় জড়িত সন্দেহে কসাই আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনের ব্যস্ত সময়ে জনসমাগমপূর্ণ বাজারে সাংবাদিক বেলাল উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তাঁর পেটে গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানান তিনি।
আহত বেলাল উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজের অ্যাডমিন। লাইভে তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ফটিকছড়ি উত্তর রাঙ্গামাটিয়া এলাকার কসাই শামসু নামের এক ব্যক্তির ভাই তাঁকে ছুরিকাঘাত করেছেন। এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়। জনবহুল বাজারে প্রকাশ্যে একজন ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জননিরাপত্তা নিয়ে প্রশ্ন
বিবিরহাটের মতো গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ বাজারে দুপুরবেলা এমন হামলার ঘটনা কীভাবে ঘটল—এ নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অপরাধ প্রতিরোধে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি কতটা কার্যকর, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
তাঁদের প্রশ্ন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে কোনো গণমাধ্যমকর্মী হামলার শিকার হলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? অভিযোগ থাকলে আইনগতভাবে মোকাবিলার সুযোগ রয়েছে। কিন্তু প্রকাশ্যে ছুরিকাঘাত করে কাউকে হত্যার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ঘটনায় জড়িত সন্দেহে ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া এলাকার আজিজুল হকের ছেলে মোহাম্মদ আলম প্রকাশ কসাই আলমকে আটক করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বেলাল তাঁকে মদসহ পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এ নিয়ে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। আটক আলম ঘটনার কথা স্বীকার করেছেন বলেও জানান ওসি।
ওসি আরও বলেন, এখনো এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু এভাবে ছুরিকাঘাত করার অধিকার কারও নেই।
উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, আহত বেলাল উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
কালের সমাজ/কে.পি

