ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠি ডিসি অফিসে ৫০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট চালু, মাসে সাশ্রয় হবে ৯০ হাজার টাকা

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৩৫ পিএম ঝালকাঠি ডিসি অফিসে ৫০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট চালু, মাসে সাশ্রয় হবে ৯০ হাজার টাকা

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন একটি রুফটপ সোলার প্ল্যান্ট চালু হয়েছে। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় স্থাপিত এই সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে। এর মাধ্যমে কার্যালয়ের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। সংশ্লিষ্টদের ধারণা, এতে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৯০ হাজার টাকা সাশ্রয় হবে।

​রোববার  সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের তিনতলার ছাদে স্থাপিত এই সোলার প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

​জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নে এবং জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রায় ২৩ লাখ টাকা (২২ লাখ ৯৯ হাজার ৯৭৬ টাকা ৬৯ পয়সা) চুক্তিমূল্যের এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইঞ্জিনিয়ার্স প্যাক বাংলাদেশ লিমিটেড’।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৫০ পয়সা, যা নিয়ম অনুযায়ী তিন মাস পরপর গ্রাহকের ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে।

​নতুন উদ্যোক্তা ও প্রণোদনা সুযোগ:

এই কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারাও ‍‍`রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার‍‍` হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা এবং তালিকাভুক্তির মেয়াদ থাকবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

​ট্রেড লাইসেন্স ও টিআইএন (TIN) সনদ
​১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
​হালনাগাদ আয়কর (ট্যাক্স) সার্টিফিকেট
​এ ছাড়া বিশেষ প্রণোদনা সুবিধা পেতে আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সোলার সিস্টেম চালু করতে হবে, যার সুবিধা কার্যকর থাকবে ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

​সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের এই ব্যবহার বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!