পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মোবারক হোসেন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পরও দীর্ঘ ২৬ দিনে অভিযুক্ত আসামী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির বাবা। দ্রুত অভিযুক্ত আসামী কে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) বিকালে উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকটহাটা রেলগেট এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিশুটির বাবা মো. আমিরুল ইসলাম এসব অভিযোগ তুলে ধরেন। তিনি উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকটহাটা গ্রামের বাসিন্দা।
লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম জানান, গত ১৯ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাঁর শিশুকন্যাকে লিচুবাগানে নিয়ে ধর্ষণ করেন বলে মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। মা বিষয়টি বুঝতে পেরে শিশুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
তিনি আরও জানান, ২৬ অক্টোবর শিশুটির মা মেয়েকে নিয়ে লিচুবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত মোবারককে দেখতে পান। এ সময় শিশুটি তাকে শনাক্ত করে মাকে জানায়, ওই ব্যক্তি তার সঙ্গে খারাপ কাজ করেছে। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয়।
পরদিন ২৭ অক্টোবর ঈশ্বরদী থানায় মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। তাঁর অভিযোগ, ঘটনার পর অভিযুক্তকে ধরতে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হলেও তিনি পালিয়ে যান। পরবর্তী সময়ে অভিযুক্ত প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি।
সংবাদ সম্মেলনে আমিরুল ইসলাম আরও অভিযোগ করেন, অভিযুক্তকে স্থানীয়ভাবে নিজেদের জিম্মায় নিয়ে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিযুক্তকে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১ নভেম্বর অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় লোকজন, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন করা হয়। সেখান থেকে অভিযুক্ত ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল।
তবে সংবাদ সম্মেলনের দিন পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া অভিযুক্তের পক্ষ থেকে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন শিশুটির বাবা। এতে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে আমিরুল ইসলাম বলেন, একজন অসহায় শিশুর প্রতি এমন অপরাধের বিচার না হলে সমাজে অপরাধীরা আরও উৎসাহিত হবে। তাই দ্রুত অভিযুক্ত ও ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল হক শরীফ, বিএনপি নেতা আমিনুর রহমান, নজরুল ইসলাম মুকুল, মুলাডুলি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবর আলী, ডাঃ মাসুদুর রহমান, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কৃষক দল নেতা জহুরুল ইসলাম, যুবদল নেতা পরজ আলীসহ এলাকাবাসী।
কালের সমাজ/কে.পি

