ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ফিলিং স্টেশন ও হাসপাতালসহ ৩ প্রতিষ্ঠানকে ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কুমিল্লা | নভেম্বর ২২, ২০২৬, ১০:৩০ পিএম কুমিল্লায় ফিলিং স্টেশন ও হাসপাতালসহ ৩ প্রতিষ্ঠানকে ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার চান্দিনা উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, জ্বালানি পরিমাপে কম দেওয়া এবং ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ নভেম্বর) উপজেলার বাগুর বাজার ও বেলাশ্বর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স আরএনআর (RNR) সিএনজি ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং মাতৃভূমি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করে আসছিল। পাশাপাশি জ্বালানি পরিমাপেও কম দেওয়ার অভিযোগ ছিল। প্রতি ৫ লিটার জ্বালানিতে ১৫০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় গ্যাস সিলিন্ডার রিফিলের কাজে ব্যবহৃত ডিভাইসসহ প্রতিষ্ঠানটিকে হাতেনাতে শনাক্ত করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ২০ হাজার টাকা এবং মাতৃভূমি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!