দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেছে সফরকারীরা। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা প্রথম এশীয় দল হয়ে গেল বাংলাদেশ। এই কীর্তি গড়তে বড় অবদান রেখেছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা।
সোমবার (১৬ অক্টোবর) দ্বিতীয় দিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন সেঞ্চুরি করা হৃদয়ের পর এদিন তিন অঙ্কের দেখা পান লিটন। মার্কো জানসেনের বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১২০ রান করে আউট হন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
লিটনের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ ১০, তাসকিন আহমেদ ১৭ ও হাসান মাহমুদ ১৬ রান যোগ করেন। তাতে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়ায় ৪০০ রান।
এই অর্জনের মধ্য দিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দল ৪০০ রান করতে পারেনি।
২০২০-২১ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল শ্রীলঙ্কা। এত দিন সেটিই ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দলের সর্বোচ্চ সংগ্রহ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল বাংলাদেশ।
বাংলাদেশের এই কীর্তি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটের আরেকটি দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটিয়েছে। দেশটিতে গত ১৭ বছরে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে প্রথমবারের মতো ৪০০ রানের দেখা মিলল। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া।
কালের সমাজ/এসআর

