ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড়

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৭, ২০২৬, ১২:৪৯ পিএম খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড়

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হামলার ছক কষছে ইরান। তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে সক্ষম ‘ডার্টি বোমা’ কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর হামলার সম্ভাব্য পরিকল্পনার তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

আর এ তথ্য সামনে আসার পর যুক্তরাষ্ট্রের প্রশাসনে নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্বেগ। সম্ভাব্য হামলা মোকাবিলায় নেয়া হচ্ছে আগাম প্রস্তুতিও। তবে ইরানের এমন হামলা চালানোর সক্ষমতা বা আদৌ হামলার ইচ্ছা আছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই মতভেদ রয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের এমন সম্ভাব্য হামলা পরিকল্পনার তথ্য পেয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এ বিষয়ে অবগত সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র সরকারে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সম্ভাব্য হামলা মোকাবিলায় আগাম প্রস্তুতিও নেয়া হচ্ছে। তবে ইরানের এমন হামলা চালানোর সক্ষমতা বা ইচ্ছা আছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই রয়েছে মতভেদ।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, ইরানের এই তৎপরতাকে সম্ভাব্য হামলার বিভিন্ন পথ খুঁজে বের করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে এটিকে আসন্ন কোনো হামলার প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

তবে দুটি সূত্র জানিয়েছে, হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের রাজধানীর নির্দিষ্ট কিছু স্থান ও সম্ভাব্য লক্ষ্যবস্তুর কথা উল্লেখ রয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, সম্ভাব্য হুমকির বিষয়ে প্রশাসন নজর রাখছে। তবে তাৎক্ষণিক কোনো বিপদের বিষয়ে নিশ্চিত তথ্য নেই বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

প্রতিবেদন অনুযায়ী, লরেন বিস বলেন, ‘আমরা সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছি। তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’

এদিকে গোয়েন্দা তথ্য পাওয়ার পর গত এক সপ্তাহে সম্ভাব্য প্রতিক্রিয়া ও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে মার্কিন কর্মকর্তারা কয়েক দফা বৈঠক করেছেন বলে জানা গেছে।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক সূত্র এই আগাম প্রস্তুতিকে ‘বিচক্ষণ পদক্ষেপ’ বলে বর্ণনা করেছে। অন্য একটি সূত্র জানিয়েছে, এমন অভিযান চালানোর সক্ষমতা ইরানের আছে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে এখনো আলোচনা চলছে।

নিরাপত্তা নিয়ে এই উদ্বেগের প্রভাব পড়েছে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সুরক্ষাব্যবস্থাতেও। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হুমকির পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে তেহরান—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে নিউইয়র্কে জাতিসংঘে ইরানের কূটনৈতিক মিশন। এক বিবৃতিতে ইরানের মিশন বলেছে, ‘যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ বলে মনে করে ইরান। এ বিষয়ে ছড়ানো মিথ্যা ও মনগড়া অভিযোগ আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগন প্রশ্নগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে পাঠায়। তবে ওই দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে সিএনএন।

দুই মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে কি না, সে বিষয়েও গোয়েন্দা সংস্থাগুলো নজর রাখছে।

এ আশঙ্কা থেকে আলাদা করে আগাম প্রস্তুতির উদ্যোগ নেয়া হয়েছে। এর লক্ষ্য, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী এবং প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা।

কয়েকজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন যে রাসায়নিক অস্ত্রের হামলা হলে তা মোকাবিলার জন্য বর্তমানে মার্কিন সেনাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম ও প্রস্তুতি রয়েছে কি না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা যখন থমকে আছে, তখনই গোয়েন্দা তথ্যের এসব বিষয় সামনে এল। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া, যুক্তরাষ্ট্রের অবরোধ এবং সংঘাত বন্ধের শর্ত নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো মতবিরোধ রয়েছে।

আঞ্চলিক একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ আলোচনা ও সমঝোতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ইরানের কট্টরপন্থিরা কিংবা সমঝোতার বিরোধী অন্য কোনো পক্ষ কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করার চেষ্টা করতে পারে বলেও সতর্ক করেছে সূত্রটি।

কালের সমাজ/এসআর

Link copied!