মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক তৎপরতা আরও জোরালো হচ্ছে। একদিকে বাহরাইনে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। অন্যদিকে পারস্য উপসাগরের কেশম দ্বীপের আকাশে একটি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে তাদের দাবি, এখন পর্যন্ত ১৭টি মার্কিন এমকিউ-১ ও ৫৬টি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে ইরানি বাহিনী।
প্রেস টিভির খবরে বলা হয়, রোববার (১৫ নভেম্বর) সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তাদের মহাকাশ বাহিনী। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ‘চূড়ান্ত ও বিধ্বংসী জবাবের দ্বিতীয় পর্যায়ের’ অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।
বিবৃতিতে বলা হয়, ড্রোনগুলোর নিখুঁত ও সফল আঘাতের শব্দ বাহরাইনের বিভিন্ন এলাকায় শোনা গেছে। এর মধ্য দিয়ে আইআরজিসির সামরিক সক্ষমতা আবারও প্রমাণিত হয়েছে। এছাড়া কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ থাকার বিষয়টি থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতে যুক্তরাষ্ট্র সীমিত ও নির্বিচার সামরিক পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আইআরজিসি।
প্রণালি দিয়ে তেল পাচারের উদ্দেশ্যে কথিত পাহারাদার অভিযানে ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন এমন পদক্ষেপ নিচ্ছে বলে দাবি তাদের। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। মার্কিন শত্রুর যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে।
এর আগে শুক্রবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার নিখুঁত হামলায় ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। ওই হামলাকে হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানি ও তেল পাচার বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ‘গুরুতর সতর্কবার্তা’ বলে উল্লেখ করেছিল তারা।
প্রেস টিভির পৃথক প্রতিবেদনে বলা হয়, শনিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, পারস্য উপসাগরের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে আইআরজিসির মহাকাশ বাহিনী পরিচালিত উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ধ্বংস করে বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে ড্রোনটিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমকিউ-১ পরিবারের একটি গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন হিসেবে উল্লেখ করা হয়। আইআরজিসির দাবি, এটি ভূপাতিত করার মধ্য দিয়ে শত্রুপক্ষের আরেকটি গোয়েন্দা অভিযান ব্যর্থ হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, এ নিয়ে তাদের হাতে ধ্বংস হওয়া মার্কিন এমকিউ-১ ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে। পাশাপাশি এখন পর্যন্ত ৫৬টি এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে তারা।
এমকিউ-১ প্রিডেটর যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিকসের তৈরি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম একটি দূরনিয়ন্ত্রিত বিমান। পশ্চিম এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান ও নজরদারির কাজে এটি ব্যবহার করেছে মার্কিন বিমানবাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানি বাহিনী কয়েক ডজন মার্কিন সামরিক বিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে আইআরজিসি। এর মধ্যে ড্রোনের পাশাপাশি যুদ্ধবিমানও রয়েছে।
কালের সমাজ/এসআর

