চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হতাশা প্রকাশ করেছেন তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং। তার অভিযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ায় চীন আরও শক্তিশালী হয়ে উঠছে।
বুধবার রাতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পেনপা সেরিং। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের আমলেও তিব্বতের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন মোটামুটি আগের মতো রয়েছে। তবে চীনের সঙ্গে আলোচনায় তিব্বত ও মানবাধিকার ইস্যু গুরুত্ব পাচ্ছে না। বরং বাণিজ্য, নিরাপত্তা ও অন্যান্য বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন।
ওয়াশিংটন সফরকালে সেরিং বলেন, ট্রাম্প কখনো তিব্বত কিংবা মানবাধিকার নিয়ে কথা বলেননি।
১৯৫০ সালে তিব্বতের নিয়ন্ত্রণ নেয় চীন। বেইজিং এ ঘটনাকে ‘শান্তিপূর্ণ মুক্তি’ হিসেবে বর্ণনা করে। চীনের দাবি, তিব্বতে আগে সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থা ছিল এবং সাধারণ মানুষকে দাসের মতো জীবন কাটাতে হতো।
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও নির্বাসিত তিব্বতিরা দীর্ঘদিন ধরে তিব্বতে চীনের শাসনের সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, অঞ্চলটিতে মানুষের মৌলিক অধিকার দমন করা হচ্ছে। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বেইজিং।
পেনপা সেরিং বলেন, তিব্বতের নির্বাসিত আন্দোলনের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক এখনো যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যরাই তিব্বতের পক্ষে অবস্থান নিয়ে আসছেন।
তিনি জানান, তার নেতৃত্বাধীন কেন্দ্রীয় তিব্বতি প্রশাসন এখনো মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনেটর থাকাকালে তিব্বতবিষয়ক বিভিন্ন আইন প্রণয়নে দীর্ঘদিন কাজ করেছেন।
গত বছর বিদেশি সহায়তা কমানোর অংশ হিসেবে তিব্বতের জন্য বরাদ্দ অর্থ অর্ধেক করে দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে চলতি বছরের শেষ দিকে ওই অর্থের পুরোটা আবার বরাদ্দ দেওয়া হবে বলে আশা করছেন সেরিং।
তিনি আরও জানান, ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ বছরে তিব্বতবিষয়ক বিশেষ সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছিল। এবার তার দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বছরেই এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সেরিংয়ের ধারণা, আগামী সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে তিব্বত ইস্যু আলোচনায় আসার সম্ভাবনা কম। আগামী মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জি-২০ সম্মেলনেও বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করেন না তিনি।
তার মতে, যুক্তরাষ্ট্র ও চীনের বড় আলোচনাগুলোতে তিব্বতকে দর-কষাকষির হাতিয়ার না করাই কখনো কখনো ভালো। কারণ, নিজেদের স্বার্থ আদায়ে চীন বেশ দক্ষ।
সেরিং বলেন, পশ্চিমা দেশগুলো চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে। এতে মানবাধিকারের বিষয়টি উপেক্ষিত হওয়ার পাশাপাশি চীন আরও শক্তিশালী হচ্ছে।
তিনি বলেন, ‘একটি ড্রাগন আপনাকে কামড়াচ্ছে। তারপরও যদি আপনি তাকে খাবার দিয়ে যেতে থাকেন, তাহলে দোষটা কার?’
সেরিংয়ের মতে, বাণিজ্যিক ভারসাম্য রক্ষার পাশাপাশি মানবাধিকারসহ অন্যান্য বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই অবস্থান দেখা যাচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবনতি নিয়ে যারা অভিযোগ করেন, তারাও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন।
সাক্ষাৎকারে চীনের ‘জাতিগত ঐক্য ও অগ্রগতি’ নীতিরও সমালোচনা করেন তিব্বতি এই নেতা। তার দাবি, এসব নীতির মাধ্যমে তিব্বতিদের নিজস্ব পরিচয়, ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন, চীনা কর্তৃপক্ষ এখন এসব নীতি নিয়ে আরও খোলাখুলিভাবে কথা বলছে। অথচ আন্তর্জাতিক মহল থেকে তেমন কোনো প্রতিবাদ বা বাধার মুখে পড়তে হচ্ছে না তাদের।
অন্যদিকে, চীন তিব্বতের নির্বাসিত সরকারকে স্বীকৃতি দেয় না। বেইজিংয়ের দাবি, তিব্বতে তাদের শাসন প্রতিষ্ঠার পর অঞ্চলটির উন্নয়নে ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় পিছিয়ে থাকা সামন্ততান্ত্রিক সমাজ থেকে তিব্বতকে এগিয়ে নিতেই চীনের শাসন প্রয়োজন ছিল বলে দাবি দেশটির।
কালের সমাজ/এসআর

