গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন দুই লাখেরও বেশি ডাচ নাগরিক। বিক্ষোভ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) আমস্টারডামে আয়োজিত এ বিশাল বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। বিক্ষোভকারীরা গাজার নিরীহ মানুষের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান।
পার্স টুডে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে নেদারল্যান্ডস সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরও কঠোর করার দাবি তোলেন তাঁরা।
এ ছাড়া ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ এবং গাজায় দেশটির কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ফিলিস্তিন ইস্যুতে ইউরোপের জনমতের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে। গাজায় চলমান সংঘাত বন্ধ এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর পদক্ষেপের দাবিও জোরালো হয়েছে এ কর্মসূচির মধ্য দিয়ে।
কালের সমাজ/এসআর

