হরমুজ প্রণালির কাছে কাতার থেকে পাকিস্তানগামী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি ট্যাংকারে হামলার ঘটনায় ইরানের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সমঝোতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের সঙ্গে ইসলামাবাদের যোগাযোগ থাকলেও হামলার ঘটনা দেশটির জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। একই সঙ্গে বিকল্প জ্বালানি উৎস ও পরিবহনপথ খোঁজার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।
গত ৩০ অক্টোবর হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘আল মায়েদা’ নামের ট্যাংকারটি হামলার শিকার হয়।
কাতারের রাষ্ট্রীয় জ্বালানি পরিবহন প্রতিষ্ঠান নাকিলাতের মালিকানাধীন জাহাজটিতে হামলার সময় ২৫ জন নাবিক ছিলেন। তাদের সবাই নিরাপদ রয়েছেন। হামলার পর ট্যাংকারটিতে সামান্য আগুন ধরে যায়। পরে সেটি কাতারের দিকে ফিরে যায়। তবে হামলার জন্য কারা দায়ী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জাহাজটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাকিস্তান আগেই ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছিল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছিল, ট্যাংকারটিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছিল তেহরান। কিন্তু অনুমতি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার ঘটনা ঘটে। এতে ইরানের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সমঝোতার কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটে পড়েছে পাকিস্তান। এলএনজির ঘাটতি সামাল দিতে দেশটিতে গ্যাস রেশনিংয়ের পাশাপাশি রাতে বিদ্যুৎ সরবরাহেও বিধিনিষেধ আরোপ করতে হয়েছে।
তবে গবেষক আরহামা সিদ্দিকার মতে, একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ বলে ধরে নেওয়া ঠিক হবে না। এ ক্ষেত্রে হামলার প্রকৃত পরিস্থিতি এবং কারা এর সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া জরুরি।
অন্যদিকে, আসন্ন শীত মৌসুমের জ্বালানি চাহিদা মেটাতে ডিসেম্বর ও জানুয়ারির জন্য বিকল্প উৎস থেকে এলএনজি কার্গো কেনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম তিন গুণেরও বেশি বেড়ে যাওয়ায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ দেশটির জন্য বড় আর্থিক চাপ তৈরি করতে পারে।
সব মিলিয়ে ‘আল মায়েদা’ ট্যাংকারে হামলার ঘটনা পাকিস্তানের জ্বালানি নিরাপত্তার দুর্বলতাকে সামনে এনেছে। কাতারনির্ভরতা কমিয়ে বিকল্প সরবরাহকারী ও নিরাপদ পরিবহনপথ নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে দেশটির জ্বালানি সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র: নিক্কেই এশিয়া, ব্লুমবার্গ
কালের সমাজ/কে.পি

