ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইসরায়েলের ক্ষমতায় কে আসবেন, যা বললেন ট্রাম্প

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৯, ২০২৬, ০১:২৯ পিএম ইসরায়েলের ক্ষমতায় কে আসবেন, যা বললেন ট্রাম্প

ইসরায়েলের নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের মধ্যে কে শেষ পর্যন্ত সরকার গঠনের দায়িত্ব পাবেন, তা নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। তবে এই দুই নেতার রাজনৈতিক ও নীতিগত অবস্থানের মধ্যে খুব বেশি পার্থক্য দেখছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, দুজনই তাঁর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের নতুন সরকার গঠন নিয়ে প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন ট্রাম্প।

সাংবাদিকরা জানতে চান, ইসরায়েলে নতুন সরকার গঠনের জন্য নেতানিয়াহুর আগে আইজেনকোটকে কেন প্রথম সুযোগ দেওয়া হয়েছে। জবাবে ট্রাম্প বলেন, নীতিগত অবস্থানের দিক থেকে দুজনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। দুজনই তাঁর সম্পর্কে ভালো কথা বলেছেন।

ট্রাম্প বলেন, আইজেনকোট তাঁকে ভালোবাসেন বলে জানিয়েছেন। তবে ইসরায়েলে বর্তমানে কী ঘটছে, সে বিষয়ে তিনি এখনো বিস্তারিতভাবে খোঁজ নেননি। এটি মূলত আইজেনকোট ও নেতানিয়াহুর মধ্যকার প্রতিযোগিতা। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখার বিষয়।

এর আগে গত মাসে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। এরপর আইজেনকোটও মার্কিন প্রেসিডেন্টের সরাসরি সমালোচনা থেকে বিরত থেকেছেন।

অন্যদিকে, নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করছেন আইজেনকোট। তবে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে তাঁর সঙ্গে নেতানিয়াহুর সুস্পষ্ট পার্থক্য তুলে ধরতে পারেননি তিনি।

তবে আইজেনকোট ইঙ্গিত দিয়েছেন, ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে নেতানিয়াহুর বিদায়ী জোটের তুলনায় অপেক্ষাকৃত মধ্যপন্থী সরকার গঠন করবেন। উল্লেখ্য, নেতানিয়াহুর বিদায়ী জোটে কট্টর ডানপন্থী ও অতি-ধর্মীয় রাজনৈতিক দলগুলোর প্রভাব ছিল।

সব মিলিয়ে ইসরায়েলের নতুন সরকার গঠন নিয়ে নেতানিয়াহু ও আইজেনকোটের রাজনৈতিক প্রতিযোগিতা এখন আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর এ প্রতিযোগিতায় দুই নেতার নীতিগত অবস্থানকে কাছাকাছি হিসেবে দেখছেন ট্রাম্প। -টাইমস অব ইসরায়েল

কালের সমাজ/এসআর

Link copied!