প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন সংশোধনের আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস (সিএফজে)। যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এই আইন সাংবাদিকদের দীর্ঘমেয়াদি কারাদণ্ডের ঝুঁকিতে ফেলতে পারে। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আগে নেয়া সংস্কার উদ্যোগগুলোও নষ্ট হতে পারে।
প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের অনুরূপ কিছু বিধান ফিরিয়ে আনা হচ্ছে। সাংবাদিকদের কণ্ঠরোধ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে পূর্বে এসব আইন ব্যবহার করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার অনলাইনে মানহানি ও ভুল তথ্যসংক্রান্ত অস্পষ্ট বিধানগুলো বাতিল করেছিল। প্রস্তাবিত আইনে সেগুলো আবার ফিরিয়ে আনা হবে।
সিজিএস ও ক্লুনি ফাউন্ডেশনের ট্রায়ালওয়াচ কর্মসূচি ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে আওয়ামী লীগ আমলে ডিজিটাল সিকিউরিটি আইন (ডিএসএ) -এর অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া ২২২টি মামলা পর্যালোচনা করে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ৩৯৬ জন সাংবাদিকের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে ১০৭টি মামলার বাদী ছিলেন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা। এ গবেষণার মধ্য দিয়ে, সাংবাদিকদের কণ্ঠরোধে এ আইন ব্যবহার করার মত ভয়াবহ বিষয়গুলো স্পষ্ট হয়েছিল।
সিজিএস ও সিএফজে- এর গবেষণায় দেখা যায়, ডিএসএ’র অধীনে করা মামলাগুলোর অর্ধেকের বেশি ক্ষেত্রে সাংবাদিকদের গ্রেপ্তার করে বিচার শুরুর আগে আটক রাখা হয়। সাক্ষাৎকারে কয়েকজন সাংবাদিক জানান, অস্বাভাবিক সময়ে সাদাপোশাকের কর্মকর্তারা তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের কারণও তাদের জানানো হয়নি। তারা দুর্ব্যবহারের শিকার হওয়ার কথাও জানিয়েছেন। পর্যালোচনা করা মামলাগুলোর বেশির ভাগেরই বিচার শুরু হয়নি। ফলে আইনি প্রক্রিয়াটিই একধরনের শাস্তিতে পরিণত হয়েছিল।
উদাহরণ হিসেবে সাংবাদিক ইখতিয়ার উদ্দিন আজাদের ঘটনা তুলে ধরা যায়। কোভিড-১৯ লকডাউনের সময় খাদ্যসংকট নিয়ে পোস্ট দেওয়ার পর তাকে আট মাস কারাগারে থাকতে হয়। প্রায় তিন বছর আইনি প্রক্রিয়া চলার পর তিনি খালাস পান।
প্রস্তাবিত সংশোধনীর কয়েকটি বিষয় নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে:
“গুজব” ও ইচ্ছাকৃত বিভ্রান্তিকর তথ্য (ডিজইনফরমেশন) ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড: “অযাচাইকৃত” বা “বিভ্রান্তিকর” হিসেবে বিবেচিত তথ্য প্রকাশ বা শেয়ার করার কারণে সাংবাদিকদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও এ ঝুঁকি থাকবে। এসব অস্পষ্ট বিধানের সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের সেই বিধানগুলোর মিল রয়েছে, যেগুলো আমাদের গবেষণা অনুযায়ী নিয়মিত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হতো।
মানহানির জন্য ফৌজদারি শাস্তি ও পরোয়ানা ছাড়া গ্রেপ্তার: অনলাইনে মানহানি, হেয় করা বা হয়রানির অভিযোগে সাংবাদিকদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি নারী বা শিশু হলে সর্বোচ্চ সাজা হতে পারে ১০ বছর। মানহানিকর বক্তব্যের জন্য পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের সুযোগও রাখা হচ্ছে প্রস্তাবিত আইনে। এ বিধান ডিজিটাল নিরাপত্তা আইনের বিধানের চেয়েও কঠোর।
সম্পাদক ও সংবাদপ্রতিষ্ঠানের ফৌজদারি দায়ের পরিধি বৃদ্ধি: কোনো সংবাদ তৈরি বা সরাসরি তদারক না করলেও তার জন্য সম্পাদক ও সংবাদপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। আগের ডিজিটাল নিরাপত্তা আইনে এমন সংবাদের জন্যও সম্পাদকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, যার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এটি বহাল রাখা হয়েছে। দোষী সাব্যস্ত হলে পুরো সংবাদপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার বিধানও রয়েছে প্রস্তাবিত আইনে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো যৌথ চিঠিতে ক্লুনি ফাউন্ডেশন ও সিজিএস এসব বিধান বাদ দেয়ার আহ্বান জানিয়েছে। “গুজব” ও “ইচ্ছাকৃত বিভ্রান্তিকর তথ্য” ছড়ানোকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব এবং মানহানির জন্য ফৌজদারি শাস্তি বাতিলের আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে জনপরিচিত ব্যক্তিদের সম্পর্কে সৎ উদ্দেশ্যে দেয়া বক্তব্য এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতপ্রকাশের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
আইনে সাংবাদিকদের জন্য বিশেষ সুরক্ষা যুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আগ্রহকে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। এসব সুরক্ষার মধ্যে সাংবাদিকদের গ্রেপ্তার বা তাদের ডিভাইস জব্দের আগে আদালতের অনুমোদন নেয়ার প্রস্তাবও রয়েছে।
সাইবার আইনের প্রস্তাবিত সংশোধনী প্রসঙ্গে সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) থেকে বাংলাদেশকে চড়া মূল্য দিয়ে শিক্ষা নিতে হয়েছে। আমরা এ আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে করা ২২২টি মামলা নিয়ে গবেষণা করেছি, যার মধ্যে মাত্র একটিতে দণ্ডাদেশ হয়েছে। অথচ এসব মামলায় প্রায় ৪০০ জন সাংবাদিককে ফৌজদারি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। এ প্রক্রিয়ায় অনেককে গ্রেপ্তার ও আটক করা হয়েছে, তাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। এখন নতুন আইনের খসড়া সংশোধনী সেই ধারাগুলো ফিরিয়ে আনার ঝুঁকি তৈরি করছে। সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য না করেও আইন যাতে অনলাইনে নাগরিকদের সুরক্ষা দেয়, তা নিশ্চিত করার সুযোগ এখন সরকারের সামনে রয়েছে।’
কালের সমাজ/এসআর

