ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহতের দাবি

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৩, ২০২৬, ১২:২৬ পিএম পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহতের দাবি

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী একাধিক অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে গত কয়েক দিনের এসব অভিযানে ভারত-সমর্থিত ৭৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করে। সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকা এবং খাইবার পাখতুনখাওয়ার মির আলী ও ওরাকজাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

সামরিক বাহিনী জানায়, বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর কোয়েটা জেলার কুররাম এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেখানে ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় কয়েক দফা সংঘর্ষের পর ভারত-সমর্থিত ৩১ জন খাওয়ারিজ নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় গত ৪৮ ঘণ্টায় পৃথক দুটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আরও ৪৩ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার এসব অভিযানে সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। তবে এসব হতাহতের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের হুমকি নির্মূল এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এর অংশ হিসেবে মির আলী ও ওরাকজাই এলাকাতেও অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক এসব অভিযানে সেনারা সন্ত্রাসীদের একাধিক অবস্থান লক্ষ্য করে কার্যকরভাবে হামলা চালায়। তীব্র ও ব্যাপক গোলাগুলির পর মির আলীতে ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের ৩৫ সদস্যকে হত্যা করা হয়েছে। আর ওরাকজাইয়ে আটজন খাওয়ারিজ নিহত হয়েছে। এর ফলে এসব এলাকায় সক্রিয় খাওয়ারিজ নেটওয়ার্ক বড় ধরনের ধাক্কা খেয়েছে।’

সামরিক বাহিনী জানায়, অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক এবং ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) রয়েছে। এসব সামগ্রী ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়, ওই এলাকাগুলোতে আত্মগোপনে থাকা খাওয়ারিজ সদস্যদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে। ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে। দেশের মাটি থেকে বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে এসব তৎপরতা বেশি দেখা গেছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল খাইবার পাখতুনখাওয়া।

প্রতিবেদনে বলা হয়, ওই তিন মাসে সহিংসতাসংক্রান্ত মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে। নিহত ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশের বেশি অর্থাৎ ৪৭৫ জন খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা। অন্যদিকে, বেলুচিস্তানে নিহত হয়েছেন ৩৪ শতাংশ বা ২৬৫ জন।

সহিংসতার ঘটনার সংখ্যার দিক থেকেও শীর্ষে ছিল খাইবার পাখতুনখাওয়া। প্রদেশটিতে ১৫১টি সহিংসতার ঘটনা ঘটেছে, যা সারা দেশের মোট ঘটনার ৫৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বেলুচিস্তানে ঘটেছে ৯৪টি ঘটনা, যা মোট ঘটনার ৩৫ শতাংশ। এতে পাকিস্তানের এই দুই প্রদেশকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার বিষয়টি স্পষ্ট হয়েছে।

 

কালের সমাজ/ওজি

Link copied!