বাগেরহাটের রামপালে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ৮ দলীয় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ঝনঝনিয়া নবারণ যুব সংঘ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ শেখ সোহেল হোসেন, সাবেক উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. বখতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিপ্লব হক বিপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান মনি, সিনিয়র সহসভাপতি এস. এম. বাকী বিল্লাহ, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম প্রিন্স এবং রামপাল কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব কাজী আবু তালেব প্রমুখ।
ঝনঝনিয়া নবারণ যুব সংঘের আয়োজনে এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। রাতের আলোকসজ্জায় অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করছেন দর্শকরা।
এ সময় বক্তারা বলেন, গ্রামীণ জনপদে দিন দিন খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির যুগে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি বাড়ছে। ফলে গ্রামীণ ঐতিহ্যের অনেক খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। আগামী প্রজন্মকে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। এ লক্ষ্যেই তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এমন আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তাদের বিশ্বাস, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে রামপালের তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হবে।
কালের সমাজ/কে.পি

