উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে খুলনায় উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নগরীর শঙ্খ মার্কেটের মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত পত্রিকাটির খুলনা ব্যুরো কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
দৈনিক কালের সমাজের খুলনা ব্যুরোপ্রধান এম রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে খুলনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, অতিথি ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব ও ঢাকার ট্রিবিউনের খুলনা ব্যুরোপ্রধান মো. হেদায়েত হোসেন মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গ্রিন টেলিভিশনের খুলনা ব্যুরোপ্রধান সুনীল দাস, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গাজী টেলিভিশনের খুলনা ব্যুরোপ্রধান শেখ লিয়াকত হোসেন, এশিয়া টেলিভিশনের খুলনা ব্যুরোপ্রধান ও কেইউজে সদস্য বাবুল আকতার, দৈনিক প্রবাহ পত্রিকার বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রিন টেলিভিশনের খুলনা ব্যুরোপ্রধান মহেন্দ্রনাথ সেন, মোহনা টেলিভিশনের খুলনা ব্যুরোপ্রধান মো. শহীদুল হাসান, দৈনিক প্রবাহের বিজ্ঞাপন ম্যানেজার কায়কোবাদ মোল্লা বুলবুল, প্রাইম টেলিভিশনের প্রতিনিধি জিয়াউল ইসলাম, কম্পিউটার ব্যবসায়ী মোহাম্মদ শাওন, শেখ টুটুল ও মো. এ্যারিল মোল্লাসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে দৈনিক কালের সমাজ তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা তাঁদের। তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন।
কালের সমাজ/এসআর

