ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাব আল-মানদেব দখলে নিল হুথিরা, দক্ষিণ ইয়েমেনে নতুন অগ্রগতি

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৬, ২০২৬, ০১:৪০ পিএম বাব আল-মানদেব দখলে নিল হুথিরা, দক্ষিণ ইয়েমেনে নতুন অগ্রগতি

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে সামরিক অগ্রগতির কথাও জানিয়েছে গোষ্ঠীটি।

হুথিরা ‘আনসার আল্লাহ’ নামেও পরিচিত। তাদের নিজস্ব টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ টিভি এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের বাব আল-মানদেব প্রণালীর আশপাশের এলাকা থেকে সরকারপন্থী বাহিনীকে সরিয়ে দেওয়া হয়েছে।

গোষ্ঠীটির আরও দাবি, তারা ইয়েমেন সরকারের অনুগত যোদ্ধাদের লাহিয গভর্নরেটের খারাজ জেলা থেকে পিছু হটতে বাধ্য করেছে। এ ছাড়া একই অঞ্চলের ‘কাওয়া’ সামরিক ক্যাম্প লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী রোববার জানিয়েছে, তারা বাব আল-মানদেব প্রণালীর কাছাকাছি কিছু এলাকা থেকে সরে যাচ্ছে। তাদের বর্তমান অগ্রাধিকার হলো অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনকে হুথিদের সম্ভাব্য হামলা থেকে রক্ষা করা।

বাব আল-মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। এটি আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। ফলে এই প্রণালীতে কোনো পক্ষের সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে হুথিদের বাব আল-মানদেব প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবিটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। -আল জাজিরা

কালের সমাজ/এসআর

Link copied!