দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্যমতে, রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৬৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৯১, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রাজশাহীতে ১৪০, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবরে এ রোগে সর্বোচ্চ ১৭৪ জনের প্রাণহানি ঘটে। সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজন মারা যান। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি—প্রতি মাসে দুজন করে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।
কালের সমাজ/কে.পি

