ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামানকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় মেহেদী হাসান নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত মেহেদী হাসান (৩১) নগরের মধ্য বারেরা মজিদ মার্কেট এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি যুবলীগের রাজনীতি করতেন। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। রাত ৪টার দিকে মেহেদীকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয় পুলিশ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মো. সুরুজ জামান মধ্য বারেরা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। সুরুজ জামান প্রাইভেটকার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় সুরুজ জামান তার সাত বছর বয়সি মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বাজারে যাচ্ছিল। পথে মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন রাস্তায় জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে মোটরসাইকেলের গতিরোধ করে সুরুজ জামানকে কুপিয়ে ও ছুরিকাঘাত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করেন স্থানীয় লোকজন। রাত ১২টার দিকে দীঘারকান্দা এলাকায় ঢাকা বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন।
নিহত সুরুজ জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানান, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থি একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
তবে চেষ্টা করেও ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অভিযুক্ত অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা মেহেদীকে মারধর করে।
একই এলাকায় গত সন্ধ্যায় ছুরিকাঘাতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরজ জামান (৩৫)। তিনি মধ্য বরেরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সন্ধ্যায় সুরজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। বরেরা মসজিদ মার্কেট মোড়ে পৌঁছে মেহেদীসহ কয়েকজন তার পথরোধ করে। এক পর্যায়ে তারা সুরজের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুন আরও জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি। তবে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালের সমাজ/কে.পি

