পিরামিডের কথা উঠলে সবার আগে মনে আসে মিশরের নাম। দেশটির গিজা অঞ্চলের তিনটি বিখ্যাত পিরামিডের কথা জানেন অনেকেই। কিন্তু আফ্রিকায় পিরামিডের সংখ্যার দিক থেকে মিশরকে ছাড়িয়ে গেছে তার দক্ষিণের প্রতিবেশী আরেকটি দেশ। সেখানে পিরামিডের সংখ্যা ২০০টিরও বেশি, যা মিশরের তুলনায় দ্বিগুণের বেশি। দেশটি সুদান। প্রশ্ন হচ্ছে, মিশরের চেয়ে এত বেশি পিরামিড কীভাবে তৈরি হলো দেশটিতে? আর কারাই বা নির্মাণ করেছিলেন এসব স্থাপনা?
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই হিস্ট্রি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের পিরামিডগুলোর অধিকাংশই প্রাচীন নুবিয়া অঞ্চলে অবস্থিত। একসময় এই অঞ্চলজুড়ে বিস্তৃত ছিল কুশ রাজ্য। খ্রিষ্টপূর্ব ৭৮০ সাল থেকে খ্রিষ্টীয় ৩৫০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রাজ্যটির সীমানা পরিবর্তিত হয়েছে। এর সবচেয়ে বিস্তৃত সময়ে বর্তমান মিশর ও সুদানের বড় অংশ কুশ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
কুশের শাসকেরা একসময় মিশরও শাসন করেছিলেন। খ্রিষ্টপূর্ব ৭৪৪ থেকে ৬৫৬ সাল পর্যন্ত কুশীয় রাজারা মিশরের ২৫তম রাজবংশ হিসেবে ক্ষমতায় ছিলেন। তবে কুশ রাজ্যের পুরো ইতিহাসজুড়েই মিশরের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না এমন নয়। দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগ বজায় ছিল। এসব যোগাযোগের প্রভাব পড়েছিল কুশীয়দের ধর্মীয় বিশ্বাস, স্থাপত্য ও পরকালীন জীবন সম্পর্কে ধারণায়।
মিশরের গিজার পিরামিডগুলো নির্মিত হয়েছিল আনুমানিক খ্রিষ্টপূর্ব ২৬০০ থেকে ২৫০০ সালের মধ্যে। অন্যদিকে নুবিয়া অঞ্চলে পিরামিড নির্মাণ শুরু হয় আরও পরে, আনুমানিক খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে। মিসরীয়দের মতো কুশীয় শাসকেরাও মৃত্যুর পরের জীবনকে গুরুত্ব দিতেন। ফলে তাদের রাজা ও রাজপরিবারের সদস্যদের সমাধির ওপর পিরামিড নির্মাণের রীতি গড়ে ওঠে।
সুদানের পিরামিডগুলো প্রধানত এল-কুররু, নুরি, জেবেল বারকাল ও মেরোয়ে এলাকায় দেখা যায়। এসবের মধ্যে এল-কুররুতে রয়েছে সবচেয়ে প্রাচীন পিরামিড নির্মাণস্থল। কুশের রাজা ও মিশরের ২৫তম রাজবংশের শেষ শাসক তানতামানির সমাধিও রয়েছে এই এলাকায়। তবে তার পিরামিডটি আর দাঁড়িয়ে নেই। সমাধিটি এখনো পরিদর্শন করা যায়।
নুবীয় পিরামিডের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এগুলো মিশরের পিরামিডের মতো সমাধির ভেতরের কক্ষ হিসেবে নির্মিত হয়নি। বরং সমাধির ওপর স্মৃতিচিহ্ন বা সমাধিফলকের মতো করে পিরামিড তৈরি করা হতো। মৃত শাসকের দেহাবশেষ পিরামিডের ভেতরে নয়, এর নিচে ভূগর্ভস্থ সমাধিতে রাখা হতো।
মিশরের তুলনায় সুদানের পিরামিডগুলো কম পরিচিত হওয়ার পেছনে দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধেরও ভূমিকা রয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে পর্যটকদের অনেকেই দেশটিতে যেতে পারেন না। ফলে এসব প্রত্নস্থল ও কুশ সভ্যতার ইতিহাস আন্তর্জাতিক পর্যায়ে তুলনামূলক কম আলোচিত।
অথচ সুদানের পিরামিডগুলো শুধু মিশরীয় স্থাপত্যের অনুকরণ নয়। এগুলো নুবিয়া ও কুশ রাজ্যের নিজস্ব ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ নিদর্শন। মিশরের পিরামিডের মতোই এগুলোও প্রাচীন আফ্রিকার সভ্যতার ইতিহাস বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কালের সমাজ/এসআর

