ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ১৭, ২০২৬, ০১:০৬ পিএম নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিকপক্ষ দ্রুত সময়ের মধ্যে নতুন তারিখ নির্ধারণের দাবি জানায়।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দিতে না পারায় চার কার্যদিবস সময় দেওয়া হয়। সোমবারের সভায় তাদের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তা স্থগিত হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়, যা কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। সে হিসাবে চলতি নভেম্বরে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।

২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

কালের সমাজ/এসআর

Link copied!