ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ। আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তিনি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওয়ারায়দুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওয়ারায়দুল ইসলামের ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ায় তার স্থলে অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা হিসেবে ভাইস-চ্যান্সেলরের মনোনয়ন দেওয়া হয়েছে।
নতুন ছাত্র-উপদেষ্টা দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। নতুন দায়িত্বের বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ বলেন, “আমি শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করতে চাই। এ জন্য প্রতিটি বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের প্রয়োজন ও সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেব। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার চেষ্টা করব।” তিনি আরও বলেন, “বিশেষ করে দরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।” দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. মো. ওয়ারায়দুল ইসলামকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
কালের সমাজ/কে.পি

