বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ারনেস ক্লাব (CDCA)-এর উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে ‘FROM LAW TO BANKING: MASTERING THE BANGLADESH BANK AD (LAW) EXAM’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ ওয়েবিনারে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (আইন) মো. হামিদুর রহমান মুখ্য আলোচক হিসেবে অংশ নেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (আইন) পদে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি, নিয়োগ পরীক্ষার সিলেবাস, গুরুত্বপূর্ণ বিষয় এবং কার্যকর পড়াশোনার কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী। তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ ধরনের সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে CDCA-এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্কুল অব ল-এর প্রভাষক ও CDCA-এর কো-অর্ডিনেটর রিচিমনি প্রমা বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়তা করাই CDCA-এর মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্র ও ক্যারিয়ার প্রস্তুতি সম্পর্কে ধারণা পেতে সহায়ক হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী মারিয়া কিবতিয়া। ওয়েবিনারে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং আলোচকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে চাকরির প্রস্তুতি ও পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন।
ওয়েবিনারে বাউবির আইন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কালের সমাজ/কে.পি

